বুধবার সারাদিন যা যা ঘটেছে:
- জর্ডান সরকার দেশটিতে অবৈধভাবে অবস্থানরত প্রবাসী শ্রমিকদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। বুধবার জর্ডানে বাংলাদেশ দূতাবাস তাদের ফেসবুক পেজে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, "জনগণের অর্থ কোনোভাবেই বিদেশে পাচার হতে দেওয়া হবে না; বরং তা জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে"। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
- বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সংসদে বলেছেন, মিয়ানমার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি এ-ও বলেছেন, ভারতের সাথে সীমান্তের স্পর্শকাতর স্থানেও কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা গ্রহণের কার্যক্রম বিবেচনাধীন রয়েছে।
- যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই ভারতের পশ্চিমবঙ্গ থেকে মূলত বাঙালি মুসলমানদের জোর করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
- গত দুই মাসের মধ্যে প্রথমবারের মতো ইরানের তিনটি তেলবাহী জাহাজ মার্কিন নৌ অবরোধ অতিক্রম করেছে বলে জানিয়েছে জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইটগুলো।
- সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত ফ্ল্যাটগুলোতে ওয়াশিং মেশিন ও মাইক্রোওয়েভ ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামীর সংসদ সদস্য মু. মিজানুর রহমান। বুধবার সংসদ অধিবেশনে তিনি এ দাবি করেন।
- বিভিন্ন মামলার জটিলতার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী নিয়োগ আটকে রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
- জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে হওয়া চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। এর বাস্তবায়নে তিনি সন্তুষ্ট না হলে আবারও ইরানের ওপর বোমা হামলা চালানো হতে পারে।
বিবিসি বাংলা'র লাইভ পাতায় সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আরও খবর ও বিশ্লেষণ জানতে চোখ রাখুন বিবিসি বাংলার মূল পাতায়।











